রাউজানে প্রাইভেটকারের গতিরোধ করে প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাউজান থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ২ টায় এ ঘটনায় আটককৃত ব্যক্তিসহ আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুবাই প্রবাসী মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬)। এজাহারে অভিযুক্ত অন্যরা হলেন মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)।
সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনের সেবাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহম্মদ উল্লাহ বলেন, মঙ্গলবার তিনি ৪টি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে আসেন। সেখান থেকে সাড়ে ২৩ লাখ টাকা ইট কেনার অগ্রিম মূল্য হিসেবে দেওয়ার জন্য বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুই বন্ধু আরফাত ও নয়ন। তারা সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এবং গাড়ির দরজা খুলতে বলে। পরে গাড়ির দরজা খোলার পর ভুক্তভোগী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের কাছে থাকা মালামাল দিয়ে দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে তাঁদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এই বিষয়ে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রবাসীর কাছ থেকে ছিনতাইকৃত ১৭ লাখ ৫০ হাজার টাকাসহ মো. জয়নাল আবেদীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত টাকা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মালিককে হস্তান্তর করা হবে।












