বাবার সঙ্গে পুকুরে গিয়েছিল ছোট্ট শিশু, ডুবে গেল অগোচরে

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। রাবারের টিউব ধরে বাবার সঙ্গে পানিতে ভেসে থাকা শিশুটি বাবার অগোচরে পানিতে ডুবে যায়।

নিহত আবু হুরায়রা একই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকীর ছেলে। সে হযরত হাসান বিন সাবিত (রহ.) নূরানী মডেল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা সবুজ জানান, দুপুরে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে রাবারের টিউব ধরে পানিতে ভেসে ছিল আবু হুরায়রা। একপর্যায়ে বাবার ফোনে কল আসায় তিনি কিছুক্ষণের জন্য পুকুর থেকে উঠে যান। কথা বলা শেষে ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তিনি ধারণা করেন, হয়তো বাড়িতে চলে গেছে।

পরে বাড়িতে গিয়েও শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয়দের সহায়তায় পুকুরের ঘাটের নিচ থেকে অচেতন অবস্থায় আবু হুরায়রাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, দুপুর পৌনে দুইটার দিকে পানিতে ডুবে যাওয়া আবু হুরায়রাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেকই উপজেলার
পরবর্তী নিবন্ধরাউজানে প্রাইভেট কার থামিয়ে প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই