রাউজানের মধ্যপ্রাচ্য প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের প্রতিষ্ঠিত জসিম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনুন্নত মসজিদ নির্মাণ ও সংষ্কার প্রকল্প হাতে নিয়েছে। এর আগে সামাজিক ও মানবিক এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় ১১টি বাস দিয়েছে। রাউজানের নোয়াপাড়া ও পূর্বগুজরা ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা কয়েক কোটি টাকার খরচ করে আর সিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করে চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে, উপজেলায় শিক্ষা বৃত্তি চালু করেছে।
এখন হাতে নিয়েছে মসজিদ নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় জসিম উদ্দিন ফাউন্ডেশন গতকাল রাউজানের নতুন দুটি মসজিদ নির্মাণের কাজ উদ্বোধন করেছে। মসজিদ দুটি হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের নুর নগর ও পূর্ব ডাবুয়া আদর্শ গ্রাম এলাকায়। গতকাল শুক্রবার বাদে জুমা দুটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ মোখতার আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সমাজ সেবক ইয়াসিনুল হক, ফারুকে আজম প্রমুখ। ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় যেসব মসজিদ জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে, মসল্লিরা নামাজ আদায়ে সমস্যা হয়, সেসব মসজিদের সংস্কারের জন্য আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ফাউন্ডেশনের এ প্রকল্পের আওতায়।











