অসুস্থতা থেকে পুরোপুরি সেরে ওঠেননি ডেকলাইন রাইস। অথচ, আর্জেন্টিনা ম্যাচে কড়া নাড়ছে দুয়ারে। শেষ পর্যন্ত আটলান্টার ম্যাচে ইংলিশ মিডফিল্ডার খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এই ম্যাচে রাইসের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন দলটির টমাস টুখেল। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার–ফাইনালের আগে অসুস্থ বোধ করেন রাইস। দ্বিতীয়ার্ধে আর্সেনালের এই মিডফিল্ডারকে তুলে নেন টুখেল। জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২–১ ব্যবধানে জিতে, সেমি–ফাইনালে উঠে আসে ইংল্যান্ড। টুখেল জানিয়েছিলেন, নরওয়ের ম্যাচের আগে তিন দিন বিছানায় কাটান রাইস। ধারণা করা হচ্ছে, মেক্সিকো গিয়ে অসুখ বাধিয়েছেন তিনি। তবে, গত ৪৮ ঘণ্টায় তার উন্নতি হয়েছে বেশ। তাতে, আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, তার খেলার সম্ভাবনা জোরাল হচ্ছে। খবর বিডিনিউজের। মেসি–মার্তিনেসদের বিপক্ষে নিশ্চিতভাবেই খেলতে মুখিয়ে থাকবেন রাইস। তবে, বিবিসি লিখেছে, তিনি খেলার জন্য উপযুক্ত কিনা, সেটা দলের চিকিৎসকরা জানানোর পর সিদ্ধান্ত নিবেন টুখেল। জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচ খেলা রাইস পানামা ছাড়া চলতি আসরে বাকি সব ম্যাচে ছিলেন শুরুর একাদশে।












