বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত সোমবার সাও পাওলোর এবেসি অঞ্চলের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনের সময় তিনি এই সমালোচনা করেন।
মূলত শিল্প খাতে রোবোটিক্সের অগ্রগতি বিষয়ক একটি প্রতিবেদন নিয়ে কথা বলার সময় জাতীয় দলের প্রসঙ্গটি টেনে আনেন তিনি। সাও কায়েতানো দু সুলের ‘মাউয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’ পরিদর্শনের সময় লুলা বলেন, আমি সেখানে একটি রোবট দেখেছি এবং ব্রাজিলের জাতীয় দলের কোচ আনচেলত্তিকে একটি বার্তাও পাঠিয়েছি। সেই দলটি (বিশ্বকাপে) একঝাঁক মানুষ নিয়ে গিয়েছিল, কিন্তু ফেরার সময় কোচকে একাই আসতে হলো। জাতীয় দলের বিমানে ফেরার মতো প্রায় কেউই ছিল না। এটা অত্যন্ত লজ্জাজনক। বিমানে মাত্র একজন খেলোয়াড় ফিরেছেন, বাকিরা সেখানেই থেকে গেছেন। তারা যদি জিততেন, তবে সবাই সেখানে নাচানাচি করতেন।
প্রেসিডেন্ট লুলা মূলত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চার্টার্ড ফ্লাইটের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। গত বুধবার ভোরে বিমানটি যখন রিও দি জেনিরোতে অবতরণ করে, তখন স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে কেবল ফ্ল্যামেঙ্গোর খেলোয়াড় দানিলো ব্রাজিলে ফিরেছিলেন। তার সঙ্গে ছিলেন ইতালীয় কোচ কার্লো আনচেলত্তিসহ কোচিং স্টাফের সদস্য, কর্মকর্তা ও প্রতিনিধি দলের অন্যান্য প্রতিনিধিরা। টিভি গ্লোবোর ‘গ্লোবো এস্পোর্তে’–র তথ্য অনুযায়ী, ওই ফিরতি ফ্লাইটে আসা খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ছিল না। ফলে স্কোয়াডের বাকি সদস্যরা ছুটি কাটানোর জন্য কিংবা নিজ নিজ ক্লাবের দেশে ফেরার উদ্দেশ্যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বিভিন্ন গন্তব্যে ছড়িয়ে পড়েন। তবে দানিলো ছাড়াও ব্রাজিলের ঘরোয়া লিগে খেলা আরও ছয়জন ফুটবলার ওই স্কোয়াডে ছিলেন। যার মধ্যে দানিলোর ফ্ল্যামেঙ্গো সতীর্থ লিও পেরেইরা, লুকাস পাকেতা ও অ্যালেক্স সান্দ্রো এবং সান্তোসের ফরোয়ার্ড নেইমার জুনিয়রও ছিলেন। ইনস্টিটিউটে বিএনডিইএস (ব্রাজিলীয় ডেভলপমেন্ট ব্যাংক)-এর মাধ্যমে একটি বিজ্ঞান প্রতিযোগিতায় অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়ার পর, সেখানে দেখা একটি রোবটের ব্রাজিলের জাতীয় দলে খেলার যোগ্যতা নিয়ে রসিকতাও করেন লুলা। তিনি মজা করে বলেন, ছেলেটি বেশ আগ্রাসী একটি রোবট তৈরি করেছে। এটি দেখতে অনেকটা এমবাপ্পে কিংবা হালান্ডের মতো। রোবটটি বলকে অনেক উঁচুতে পাঠিয়ে দেয়। আমি আনচেলত্তিকে বার্তা দিয়েছি: আপনি যদি কাউকে দলে নিতে চান, তবে এই রোবটটিকে চুক্তিবদ্ধ করুন। কারণ এটিই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে।











