যোগাযোগ দক্ষতা উন্নয়নে পিসিআইইউতে সেমিনার

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ‘বুস্ট ইওর কমিউনিকেশন স্কিলস অ্যান্ড আনলক গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) উদ্যোগে এবং এডুমিগের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান দীপক কুমার চৌধুরী, সিএসই বিভাগের চেয়ারম্যান ফারজিনা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.রাশেদ খান মিলন।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়; এর সঙ্গে প্রয়োজন কার্যকর যোগাযোগ দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। তিনি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা উন্নয়নে সচেতন হওয়ার আহ্‌বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সেমিনারে মূল বক্তা ছিলেন এডুমিগের ব্যবস্থাপনা পরিচালক আব্বাস কারিমি এবং ইএলপি বাই এডুমিগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সামিরা খান। তারা তাঁদের বক্তব্যে কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জনের কৌশল, ব্যক্তিত্ব উন্নয়ন, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, প্রফেশনাল নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গ্রোথের জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, এবং বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির বিষয়েও আলোকপাত করেন।

সেমিনারে অংশগ্রহণকারীরা বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সঙ্গে সিএনজি-রিকশা চালক ও স্থানীয়দের সুসম্পর্ক বজায় রাখতে হবে