‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’: বাদীকে হুমকি

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি পেয়েছেন বাদী নায়কের মামা আলমগীর কুমকুম। না হলে, যেভাবে সালমানকে হত্যা করা হয়েছে, সেভাবেই তার ভাই শাহরানকে খুন করা হবে বলে হুমকি বার্তায় লেখা হয়েছে। হুমকি এসেছে সোশাল মিডিয়ায়। গতকাল বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আলমগীর কুমকুম।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বুধবার সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি হয়েছে। ওই শুনানিতে আসেন আলমগীর কুমকুম। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান আলমগীর কুমকুম। খবর বিডিনিউজের। সালমানের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে ‘শাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়। ওই বার্তায় লেখা আছে, “মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।”

আলমগীর কুমকুম বলেন, এই হুমকির ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর সেই ভক্ত মামুন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করছিলাম। লাইভের কমেন্টে ওই হত্যার হুমকি দেওয়া হয়। পরে কমেন্টটি মুছে ফেলা হয়।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উদ্দেশে মামুন বলেন, আমাদের আহ্বান, আমরা সালমান ভক্তরা ৩০ বছর ধরে বলে আসছি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর কেন এমন হুমকি আসছে, সেটিও তদন্ত করে দেখা দরকার। মামলায় আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার আদালত চত্বরে গোলাগুলির মামলায় বিএনপি নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধপটিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউছার অবশেষে গ্রেপ্তার