যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভে বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় সাড়ে চার বছরের মধ্যে দেশটির রাজধানী কিয়েভে বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোররাতে কয়েক ঘণ্টা ধরে চালানো হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। খবর বিডিনিউজের।

কিয়েভের স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ হামলায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। তারা নগরীর ছয়টি জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ। আল জাজিরা জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার জন্য ইউক্রেন প্রধানত মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কিন্তু বর্তমানে এ ধরনের ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় প্রায় প্রতিদিন রাশিয়ার চালানো হামলা মোকাবেলায় ইউক্রেন ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ উত্তেজনা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রীকে সরানোয় অনেকেই ক্ষুব্ধ হয়েছে। তার সিদ্ধান্তে প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ হচ্ছে আর অনেক ইউক্রেনীয় সেনা হতাশ হয়েছে। কিছু সমালোচক বলছেন, ঠিক যখন মনে হচ্ছিল যুদ্ধে ইউক্রেন গতি লাভ করছে তখন মাইখাইলো ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কিয়েভের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। আবাসিক ভবন, দপ্তর, শিল্প এলাকা, ছাত্রাবাস ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। নগরীর সভিয়াতোশিনস্কি এলাকায় জ্বলতে থাকা একটি বাড়ি থেকে উদ্ধারকারীরা চার ব্যক্তিকে বের করে আনতে সক্ষম হন। শেভচেনকিভস্কি এলাকায় জ্বলতে থাকা আরেকটি তিন তলা ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করেন তারা। একটি অফিস ভবনে লাগা আগুনও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.২৮ কোটি টাকা