যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন কেপ ভার্দে গোলরক্ষকের মা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মা অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। আগামী সোমবার ভোর ৪টায় মিয়ামিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে তার মায়ের আবেগঘন পুনর্মিলন ঘটতে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন। হাকিম জেফরিস জানান, ভোজিনিয়া এবং তার মা ‘সোমবারের ম্যাচের আগেই মিয়ামিতে একত্রিত হতে যাচ্ছেন।’ বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোলশূন্য () ড্র করে সবাইকে চমকে দেয় পুঁচকে দেশ কেপ ভার্দে। সেই ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের শুরুর দিকেই টক অব দ্য টুর্নামেন্টে পরিণত হন ভোজিনিয়া।

তবে ম্যাচ শেষের এক সাক্ষাৎকারে এই তারকা গোলরক্ষক অত্যন্ত আক্ষেপের সাথে জানান যে, তার মা ভিসা না পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এসে তার খেলা দেখতে পারছেন না। মূলত মার্কিন ভিসার জন্য প্রয়োজনীয় জামানতের বিপুল খরচের কারণে ভোজিনিয়ার মা আনা কান্দিদা এভোরা ছেলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে মার্কিন প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফরিস যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে বিশেষ অনুরোধ জানান, যেন মানবিক দিক বিবেচনা করে ভোজিনিয়ার মায়ের ভিসার ব্যবস্থা করা হয়। ডেমোক্র্যাট এই নেতা জানান যে, এই বিশেষ অনুরোধের পর আনা কান্দিদার সমস্ত ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং কেপ ভার্দের পরবর্তী ম্যাচ দেখার জন্য তার মিয়ামিতে আসার সমস্ত ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি দ্রুত সফল করার জন্য জেফরিস বলেন, ‘আমি সেক্রেটারি রুবিও, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ধন্যবাদ জানাই, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধউজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলা ও ডবলমুরিং ক্লাবের জয়