চুমুর চুমুর ঝুমুর ঝুমুর
বৃষ্টি পড়ে টানা,
পুকুর থেকে মাছের পোনা
উঠোনে দেয় হানা।
জল কলকল স্রোতের ডাকে
মেঘ ঘুরঘুর করে,
কতো দিনের রঙিন কথা
কেবল মনে পড়ে।
দমকা হাওয়া নৃত্য করে
মন ছুটে যায় দূরে,
দল বেঁধেছে মেঘের কলি
শূন্যে উড়ে উড়ে।
ক্ষেতের ফসল জলে ডোবা
ব্যাঙেরা যায় ডেকে,
শিশুর দলে মাছ ধরে নেয়
গামছা ছেঁকে ছেঁকে।
ঘরে ঘরে কল্প কথার
গল্প শোনার পালা,
স্মৃতির বাঁশি প্রতি হয়ে
সাজায় বরণডালা।









