মৃত্যুদণ্ড কার্যকরের নজিরবিহীন ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। খবর বাসসের।
ওই ঘটনায় দণ্ডিত এক খুনি মৃত্যুদণ্ডের ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান এবং গুরুতর অবস্থায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা চলতি মাসেই পদ ছাড়বেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন গভর্নর বিল লি। বুধবার ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইকের শরীরে পেন্টোবার্বিটাল নামের একটি ওষুধের দুই দফা প্রাণঘাতী মাত্রা প্রয়োগ করা হয়। ওষুধটি স্নায়ুতন্ত্রের কার্যক্রম দমন করে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পর প্রায় এক ঘণ্টা তারা পাইকের নাক ডাকার শব্দ শুনতে পান। পরে ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনের মৃত্যুদণ্ড কার্যকরের কক্ষের দর্শক এলাকা থেকে বের করে দেওয়ার সময়ও তিনি জীবিত ছিলেন।










