মীরসরাইয়ে ১২০০ ফুট পাইপ, ৯ শ্যালো মেশিন ধ্বংস

অবৈধ বালু উত্তোলন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় উত্তোলন করা বালুও জব্দ করা হয়। গতকাল শনিবার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অলিনগর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন পাওয়া যায়। পরে সেগুলো বিনষ্ট করা হয়। পাশাপাশি উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের পরিবেশের ক্ষতি হচ্ছে। সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসুয়াবিলে জশনে জুলুস
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ