মীরসরাইয়ে গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে প্রথমে শিশুদের ও পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে ঘরের কর্তা সেনা সদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। দুই শিশু কান্না করায় তাদের গলা চেপে ধরা হয়। এসময় অন্যরা চিৎকার করলে তাদের মারধর করে। এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমার দুই ছেলে চাকরির সুবাদে শহরে থাকে। ঘরে দুই ছেলের বউ, দুই নাতি আর আমার সহধর্মিণী ছিল। ডাকাতদল রাত দেড়টা নাগাদ দরজার তালা ভেঙে আমার রুমে ঢুকে কিছু বুঝে ওঠার আগে আমার পরনের লুঙ্গি দিয়ে হাত বেঁধে ফেলে। পাশের রুম থেকে আমার ছেলের বউ ও নাতিদের শব্দ শুনতে পাই। এরপর ডাকাত দলের সদস্য আমার দুই নাতির গলা চেপে ধরলে ছেলের বউরা চিৎকার করে। এসময় তাদের চড়–থাপ্পড় ও মারধর করে কানের দুল ছিনিয়ে নেয়। তারা আমার পরিবারের সদস্যদের ১০ ভরি সোনা, ২৫ হাজার ৭০০ টাকা, ৪টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর সাতজন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও বেশ কয়েকজন সশস্ত্র পাহারায় ছিল।











