চকরিয়ায় অবৈধভাবে বালু তোলার সময় গর্তে চাপা পড়ে শামসুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার খুটাখালী বনবিটের ছড়াখালের তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় আট ঘণ্টা পর সন্ধ্যায় পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। নিহত শামসুল আলম খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার বাসিন্দা। তিনি ওই বালু মহালের শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খুটাখালী বনবিটের অধীন ফান্ডাছড়ি ও মুচিছকাটা এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে ছড়াখালের বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে কাজ করার সময় হঠাত খালের তীর ধসে পড়লে শামসুল আলম গর্তের বালুর নিচে চাপা পড়েন। ঘটনার পর থেকে বালু উত্তোলনে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













