নববর্ষের আলপনা আঁকা দেখতে গিয়ে রাউজান–কাপ্তাই সড়কে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ জুয়েল নামে এক যুবক। গতকাল বুধবার ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় দ্রুতগামী একটি পিকআপের চাপায় তার মৃত্যু হয়।
নিহত জুয়েল নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মৃত নুরুচ্ছফার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নববর্ষকে স্বাগত জানাতে বুধবার ভোরে কাপ্তাই সড়কে রং–তুলিতে আলপনা আঁকছিলেন স্থানীয় একদল যুবক। জুয়েল সড়কের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













