মিয়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখান শহরতলীর কাউংতুপ গ্রামে এই বিস্ফোরণ ঘটে।

গ্রামটি বর্তমানে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে লড়াইয়ে লিপ্ত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি’র (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি জানায়, খনি ও খনন কাজে ব্যবহারের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধরকর্মীরা ধ্বংসস্তুপে মানুষের সন্ধান করছে এবং চাপা পড়াদের উদ্ধারকাজ চালাচ্ছে। খবর বিডিনিউজের।

স্থানীয় অধিবাসীরা বিস্ফোরণের পর বিশাল ধ্বংসযজ্ঞ এবং বিস্ফোরণ নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, তিনি প্রথমে ভেবেছিলেন বিমান থেকে বোমা হামলায় এই বিস্ফোরণ ঘটেছে। পোস্টে ওই ব্যক্তি জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় পুরো এলাকাতেই বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণে আহত আরেক বাসিন্দা আবাসিক এলাকার কাছে বিস্ফোরকের গুদাম রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ এর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত বিস্ফোরণে যেসব পরিবার স্বজন হারিয়েছে তারা সন্তুষ্ট হবে না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে কোস্ট গার্ডের অভিযান বিপুল চোরাই কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ
পরবর্তী নিবন্ধঅসহায় ও হতদরিদ্রদের পাশে কানেক্ট বাংলাদেশ