মানুষের জন্য কাজ করে যাচ্ছে স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্র

স্বাধীন উৎসবের সমাপনীতে এমপি সুফিয়ান

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে ৩ দিনব্যাপী স্বাধীন উৎসবের সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ড সমাজ, মানুষকে আলোকিত করে গড়ে তোলার প্রেরণা যোগায়। দেশ গড়ার সংগ্রামে মানুষের দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়ার প্রয়াস চালাচ্ছেন। মানবিক কর্মকাণ্ড দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ায় স্বাধীন। সমাজের সব ভালো কাজের সাথেই আমরা স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের সম্পৃক্ততা দেখতে পাই। আলোকিত বাংলাদেশ গঠনে স্বাধীনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

গত ২ অক্টোবর সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দীন মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারি বোরহান উদ্দিন আজাদ।

এতে কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়। এতে সংগঠক মো. মোশারফ হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কবির কণ্ঠে কবিতা পাঠে সভাপতিত্ব করেন স্বাধীন উপদেষ্টা কবি জিন্নাহ চৌধুরী। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী নাহিদা আকতার নাজু। খুদে শিল্পীদের গান, নৃত্য, আবৃত্তি, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ইকোপার্কের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে
পরবর্তী নিবন্ধনতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দৃশ্যমান করতে উদ্যোগ নেওয়া হবে