রাত দুপুরে ঘুম আসে না
একলা জেগে থাকি,
কোথায় তুমি হারালে মা
আমায় দিয়ে ফাঁকি।
এখন মা গো দু‘কান পেতে
শুনি তোমার গান,
ছড়ায় ছড়ায় তোমার পড়ায়
ছিল খুশির বান।
দেবার যখন সময় হলো
নিটোল ভালোবাসা,
হঠাৎ কোথায় চলে গেলে
গুঁড়িয়ে সব আশা।
নীল আকাশে আছো তুমি
এখন আমি বুঝি,
হাজার তারার মাঝে তোমায়
তাইতো আমি খুঁজি।









