লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ নাঈমুর রহমান শাকিল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল কুমিল্লা জেলার দেবীদ্বার থানার জগন্নাথপুর সাইচাপাড়ার নজরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, অস্থায়ী চেকপোস্টে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়া হয়। পরে মাইক্রোবাসের ভেতর তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারকাজে জড়িত শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।













