বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের জন্যই বিএনপির জন্ম। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই বিএনপি রাজনীতি করে যাচ্ছে। অতীতে অনেক রাজনৈতিক দল আপোষ করলেও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও মিথ্যা মামলায় হয়রানি হয়েছেন। অনেক নেতাকর্মী কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন। এসব ত্যাগের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। ফ্যাসিস্ট ও স্বৈরচারী শক্তির বিদায় হলেও আন্দোলন এখনো শেষ হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মধ্য দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। ভোটের দিন সবাইকে সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। চোখ–কান খোলা রেখে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গতকাল রোববার বিকেলে লোহাগাড়া উপজেলা সদরে এক রেস্টুরেন্টের সামনে বিএনপি মনোনীত চট্টগ্রাম– ১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষ মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দল বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিএনপি কখনো অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত করবে না। সন্ত্রাসীদের এই দেশের মাটিতে কোনো স্থান হবে না। যারা সবার আগে বাংলাদেশকে বিশ্বাস করে, দেশের নিরাপত্তা থাকবে তাদের হাতেই। বিএনপি প্রত্যেক নাগরিকের অধিকার নিয়ে রাজনীতি করে। আগামীর বাংলাদেশের সুফল যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে যায়, সেটিই বিএনপির লক্ষ্য। গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে। দেশের উল্লেখযোগ্য উন্নয়ন বিএনপির শাসনামলেই হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্যে রাখেন চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু। পথসভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














