চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে দলবদ্ধভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার ‘হাসান ভাই’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, একই দিন বিকেলে উপজেলার মাইলারহাট এলাকার ব্যাপারীপাড়া বেলাল জামে মসজিদ প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবককে একটি ভবনের দরজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাঁকে ঘিরে ৫০ থেকে ৬০ জন স্থানীয় মানুষ দাঁড়িয়ে আছেন। এ সময় দুই থেকে তিনজন ব্যক্তি কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই যুবক মসজিদের ব্যাটারি ও কিছু যন্ত্রপাতি চুরি করেছেন। তবে মারধরের সময় ভিডিওতে দেখা যায়, যুবকটি বারবার নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানাচ্ছেন।
ভিডিওতে আরও শোনা যায়, উপস্থিত কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন, ‘তুই ব্যাটারি চুরি করেছিস?’ জবাবে যুবকটি বলেন, ‘আমি চুরি করিনি।’ একপর্যায়ে তাঁকে ভয় দেখাতে নখ তুলে ফেলার হুমকিও দেওয়া হয়।
ভিডিওর শেষ অংশে একজনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘মসজিদ থেকে ব্যাটারি ও মেশিন চুরি করতে এসে ধরা খেয়েছে চোর। এ ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন। আর চোরকে আপনার এলাকায় দেখলে পিটুনি দিন।’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই মন্তব্যে বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় এবং অভিযুক্তকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করাই উচিত।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”














