ভীতু মানুষ প্রকৃত কবি হতে পারে না : জিন্নাহ চৌধুরী

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কবি জিন্নাহ চৌধুরী বলেছেন, কবিতা শুধু সাহিত্য নয়, এটি প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। কবিতা সবসময় মানুষের কথা বলে, মুক্তির কথা বলে। অনেক না বলা কথা কবিতার মাধ্যমেই প্রকাশ পায়। কবিতা কখনো মাথা নত করে না। যত অন্যায় ও সুবিধাবাদই আসুক, কবিতা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একজন অসৎ বা ভীতু মানুষ কখনো প্রকৃত কবি হতে পারে না। কবিতা সাহস, সততা ও ভালোবাসার প্রতীক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্বাধীনতার বইমেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিনব্যাপী বইমেলার ১৭তম দিনে কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিন্নাহ চৌধুরী উপস্থিত কবি সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের লেখনী সমাজকে সচেতন ও মানবিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের আলোচক কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল বলেন, স্বাধীনতার পরও দেশের মানুষের কাঙ্‌ক্িষত মুক্তি পুরোপুরি অর্জিত হয়নি। এই না পাওয়ার বেদনা থেকেই সমাজে নানা বৈষম্য, সুবিধাবাদের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আমরা দেশ স্বাধীন করেছি, গণতন্ত্রের স্বপ্ন দেখেছি। কিন্তু আজও সেই প্রকৃত মুক্তির পূর্ণ স্বাদ আমরা পাইনি। স্বাগত বক্তব্য দেন কবি আলী প্রয়াস। কবিতা পাঠ করেন অধ্যাপক রুহু রুহেল, সাথী দাস, রেজাউল করিম, বিদ্যুৎ কুমার দাস, আলমগীর ইমন, রাজিব রাহুল, আকতারী ইসলাম, নাহিদা আকতার নাজু, মিনহাজ মাসুম। অনুষ্ঠান পরিচালনা করেন নাহিদা নাজু। অনুষ্ঠানে শিল্পী সীমা পাল, অর্পিতা দাস, সুমিত্রা বিশ্বাস ও শুভাগত চৌধুরী গান করেন এবং চসিকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধম্যাসাচুসেটস মানবাধিকার কমিশনে কমিশনার হলেন ড. তানভীর মুরাদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ সম্পন্ন