নগরের পাথরঘাটার সতীশ বাবু লেনে রিকশা যাত্রীকে ছিনতাইয়ের ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ধৃত ছিনতাইকারী হচ্ছে মো. সাদ্দাম হোসেন (৪৩)। গত সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, দ্রুত বিচারসহ নগরের বিভিন্ন থানায় ৯টি মামলা বিচারাধীন আছে।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটার ১৬ নং সতীশ বাবুর লেনে মুজিবুর রহমানের ছয়তলা ভবনের সামনের রাস্তায় প্যাডেলচালিত রিকশার এক যাত্রীর গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ঘটনায় জড়িত মনির হোসেন (৩৮) নামে এক ছিনতাইকারীকে শনিবার দিবাগত রাতে বাকলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ সাদ্দামকে গ্রেপ্তার করা হলো। বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছিনতাইয়ের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও তার সহযোগী তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। এ প্রেক্ষিতে ডিবি (উত্তর–দক্ষিণ) বিভাগের একটি টিম ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ শুরু করে। সর্বশেষ গত সোমবার গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হলেও থাকে কর্ণফুলীর উত্তর শিকলবাহার তালতল এলাকায়।
পুলিশ জানায়, ধৃত সাদ্দাম একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। ২০২৫ সালে কোতোয়ালী থানার টেরীবাজার এলাকায় একই কায়দায় এক মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয় সে। সাদ্দাম ও তার সহযোগী মাইন উদ্দিন প্রকাশ বান্ডু ছিনতাই করে জীবিকা নির্বাহ করে।











