চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলন স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ রোপণ করেছিল। সেই বীজ পল্লবিত হয় ৬ দফা এবং ঊনসত্তরের গণ জাগরণ ও অসহযোগ আন্দোলন। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিন যারা পরাজিত হয়েছিল তারা নিশ্চিহ্ন হয়নি। তারা ছোবল তুলছে। তাই একুশের চেতনায় বাংলাদেশকে জেগে উঠতে হবে। মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নগরীর টিআইসি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ প্রচার সম্পাদক শহীদুল আলমসহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ। প্রেস বিজ্ঞপ্তি।











