বোয়ালখালীতে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন, বিএসটিআই লাইসেন্স না থাকা, মোড়কজাতকরণে অনিয়ম এবং ওজন–পরিমাপে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার ফুলতল ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
অভিযানে প্রসিকিউশন হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই লাইসেন্স না থাকা, মোড়কজাতকরণের লাইসেন্স না থাকা এবং ওজন ও পরিমাপে কম দেয়ায় দরবার ফুড প্রোডাক্টস,কসমিক ফুড প্রোডাক্টস এবং শাহ আমানত বেকারিসহ মোট ছয়টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের সুরক্ষায় ভেজাল, মানহীন পণ্য ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










