বোয়ালখালীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া’ শীর্ষক মতবিনিময় সভা

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার প্রসার এবং পোপাদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘প্রয়াস’এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রচলিত রাজনৈতিক জনসভার বাইরে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার আদলে সাজানো এই অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যাংকার ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা পোপাদিয়া ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ নানামুখী সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোপাদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন বলেন, ইউনিয়নকে সাজাতে নির্বাচন কিংবা রাজনীতির প্রয়োজন হয় না, প্রয়োজন উদ্যোগ ও ইতিবাচক মানসিকতা। পোপাদিয়ার আলোকিত মানুষগুলো একসঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

প্রয়াসের প্রেসিডেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ মুসলিম ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য জান্নাতুল নাঈমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক করিমুন্নেসা পপি, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, ইঞ্জিনিয়ার ইফতেহারুল আলম সৌরভ, ব্যাংকার সঞ্জয় বিশ্বাস, আইনজীবী সাইফুর রহমান এবং ব্যবসায়ী মামুন।

এছাড়া আলোচনায় অংশ নেন মোহাম্মদ জয়নাল আবেদিন (লিটন), তোহিদুর রহমান, মোহাম্মদ ইউনুচ মিয়া, নাঈম উদ্দিন আকবর, কমরুদ্দিন আকবর, বোরহান উদ্দিন, রুবেল দাশ, তারান্নুম হালিম, এ.কে এস হাসান রাকিব, এসএম ওমর ফারুক ও রুবাইয়েত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনজরুল সঙ্গীত শিল্পী সংস্থার রজতজয়ন্তী অনুষ্ঠান আজ