বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রেষণে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক বা শাখা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার এবং শর্ত সাপেক্ষে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সরে আসার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে বিসিএস ক্যাডারদের প্রেষণে নিয়োগ এবং অন্তর্বর্তীকালীন সময়ের দোহাই দিয়ে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের এই সিদ্ধান্ত দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষকদের অধিকারকে চরমভাবে ক্ষুণ্ন করবে। মাঠ পর্যায়ের যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের বঞ্চিত করে এভাবে বাইরে থেকে কর্মকর্তা চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ইতিমধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা সম্পন্ন করেছে। যেখানে এনটিআরসিএ’র মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া চলমান, সেখানে এ ধরনের বিকল্প বা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং এর ফলে শিক্ষাঙ্গনে নতুন করে প্রশাসনিক জটিলতা ও শিক্ষকদের মাঝে চরম অসন্তোষ তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।












