বৃদ্ধাশ্রম কেন জরুরি হয়ে উঠেছে!

কাজী রুনু বিলকিস | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

এই সমাজ শিশুর জন্য নয়, বয়োবৃদ্ধ মানুষের জন্য নয়! নারীর জন্যও নয়! কেমন এক রবোটিক ভয়ানক আত্মকেন্দ্রিক সমাজে আমাদের বসবাস! প্রতিদিন কোন না কোন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হচ্ছি। রত্নগর্ভা(!)নুর জাহান বেগমের এই রত্নগুলো নিরেট পাথুরে রত্ন! নয়তো বন্ধ দরজার ওপারে কেমন করে পড়ে থাকে এতো এতো আবর্জনার স্তূপের ভিতর একজন মায়ের পচাগলা লাশ! সেদিন মাত্র ঈদ গেল। একজন সন্তানেরও কি মনে হলো না মায়ের একটু খবর নেওয়ার? এমন কি পাশের ঘরে থাকা মেয়েটির মনে ও আসলোনা মায়ের কথা! এটা কি শুধু একটা পারিবারিক ট্র্যাজেডি? শুধুই একটি স্বার্থপর পরিবারের গল্প? একেবারেই বিচ্ছিন্ন ঘটনা? কত দিবসের বহরে আমরা রাঙিয়ে তুলি মা দিবস, বাবা দিবস, কন্যা দিবস, নারী দিবস। পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া কত ঝলমলে ফিচার তৈরি করে। আবেগের তোড়ে ভেসে যায় সোশ্যাল মিডিয়া! ফাঁপানো ফুলানো দিবসের তলানিতে পড়ে থাকে আমাদের সত্যিকারের মানবিক বোধগুলো! আমরা যা নই তাই আমরা দেখিয়ে বেড়াই! এই জগৎ সংসার পুরোটাই একটা কর্পোরেট কোম্পানি। আমরা কেবল মার্কেটিং এ ব্যস্ত! একজন নুরজাহান বেগমের ছোট ছেলের মা দিবসের আবেগঘন পোস্ট শেয়ার করেছে! এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে? এখন কমবেশি সবার দুটো চেহারা!সোশ্যাল মিডিয়ার আদর্শ সুন্দর চরিত্রটিতে হয়তো লুকিয়ে আছে গভীর কোনো অন্ধকার! ষাটের দশকে আমাদের জন্ম ও বেড়ে ওঠা। আমাদের জেনারেশনকে সম্ভবত বলা হয় বুমার্স! আমাদের মাবাবাদের ডজন খানেক সন্তান থাকতো। পরিবারে মাবাবা সন্তান ছাড়া ও থাকতো দাদাদাদি ফুফু চাচারাও। এসব একান্নবর্তী পরিবারগুলোর মধ্যে বন্ধনটা সুদৃঢ় ছিল। সহানুভূতি ছিল। বয়োজ্যেষ্ঠ কিংবা শিশুদের দেখাশুনা সবাই মিলেই করতো। সমস্যা একেবারে ছিলনা তা নয়। কিন্তু সেটা পরিবারের মধ্যে আবদ্ধ থাকতো। বয়োজ্যেষ্ঠরা দাপটের সাথে থাকতেন। সেসব দিনরাত্রির গল্প এখন চলে না। মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। এখন মানুষ নিজের জন্য বাঁচে। Self Centered! এটাই বাস্তবতা! এটাই সত্য। বৃদ্ধাশ্রম এই সমাজের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। আমরা এক নুর জাহান বেগমের কথা জানি আরও অসংখ্য নুর জাহান বেগম ধুঁকে ধুঁকে মরছে। কত বৃদ্ধ বাবা মা অবহেলিত অসম্মান নিয়ে পড়ে আছে নিজ সন্তানের পরিবারে। ২০১৩ সালে মাবাবার ভরনপোষণের জন্য শেখ হাসিনার সরকার একটা আইন করেছিল সেই আইনে কারাদণ্ডের বিধান ও রাখা হয়েছে। কত শত আইন! নারীর জন্য আইন, শিশুর জন্য আইন! মানছে কেউ? প্রয়োগ হয়? বন্ধ ঘরের ওপারে আইনের নিকুচি হয়! নচিকেতার গানে আমরা আবেগ তাড়িত হই। কিন্তু আমাদের বর্তমান সময়ের বাস্তবতাকেও তো মানিয়ে চলতে হবে! সব সন্তান হয়তো নুর জাহান বেগমের সন্তানদের মতো নয়। কিন্তু তারা চাইলে নানা কারণে থাকতে পারেনা।পরিচিত অপরিচিত অনেক পরিবার মা কিংবা বাবাকে নিয়ে একটা অস্বস্তিকর জীবন কাটাচ্ছে। বৃদ্ধাশ্রমকে নেতিবাচক দৃষ্টিতে না দেখে এটার পক্ষে জোরালো সামাজিক অবস্থান তৈরি হওয়া প্রয়োজন। বয়োজ্যেষ্ঠদের জন্য নিরাপদ আশ্রয়, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং সঙ্গ প্রদানের একটা ব্যবস্থা তৈরি হোক। সন্তানহীন ব্যক্তিদের পুনর্বাসন এবং আধুনিক জীবনের ব্যস্ততায় একাকীত্ব ও সুরক্ষার অভাবে প্রবীণদের বৃদ্ধাশ্রম এখন জরুরি হয়ে উঠেছে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা, প্রবাসীরা, ব্যবসায়ীরা প্রায় দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে এতিমখানা ও মসজিদ বানান বেহেশতের প্রত্যাশা নিয়ে। এতো এতো মসজিদ ও এতিমখানার পাশাপাশি দুচারটা বৃদ্ধাশ্রম তো করাই যায় এই অসহায় মানুষগুলোর জন্য। যন্ত্রণা দগ্ধ মানুষগুলোর মৃত্যুর সময় দুফোটা পানি দেওয়ার জন্য কেউ অন্তত পাশে থাকুক। আদর্শ সুন্দর বাসযোগ্য বৃদ্ধাশ্রম গড়ে উঠুক প্রতিটি শহরে, নগরে এমনকি প্রতিটি গ্রামেও।

বিদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে বৃদ্ধরা ভালো থাকে। সরকারই তাদের দায়িত্ব নেয়। তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা থাকে। থাকে কেয়ার গিভার। থাকে স্বাস্থসেবা। কাউকে কোন ঝামেলায় পড়তে হয়না।কাউকে অবহেলা অসম্মান নিয়ে মরতেও হয় না। নুর জাহান বেগমের মতো এমন নির্দয় মর্মান্তিক মৃত্যু যেন কোন মাবাবার নাহয়। মাবাবার ভরণপোষণের আইনটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হোক সরকারি বেসরকারি ও এনজিওর মাধ্যমে। মানুষ জানুক এমন একটা আইন আছে এবং মাবাবার ভরনপোষণের অবহেলা শাস্তিযোগ্য অপরাধ। লেখক : প্রাবন্ধিক, কলামিস্ট

পূর্ববর্তী নিবন্ধপরিবারের বন্ধন
পরবর্তী নিবন্ধঅধুনালুপ্ত কিছু আঞ্চলিক শব্দ ও প্রবাদ বাক্য