বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে

সিএসই ফেস্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইআইইউসি উপাচার্য

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আজকের বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে। যেভাবে ইরান টিকে গেছে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের কারণে। কর্মে যে শ্রেষ্ঠ সে পুরস্কৃত হয়। যারা শ্রেষ্ঠ তারা টিকে যায়। তিনি বলেন, সময়কে ধরে রাখার জন্য ইভেন্ট দরকার, আর ইভেন্টে সাফল্য দরকার।

গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ক্লাব আয়োজিত আট দিনব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ফেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন, আইআইইউসি’র উপউপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য দেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর মুহাম্মদ সামসুল আলম এবং বর্তমান ডিন প্রফেসর মো. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন, সিএসই ফেস্ট আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আ ন ম রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম ইয়াসির আরাফাত।

প্রফেসর ড. এম. কায়কোবাদ বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই শ্রেষ্ঠত্বের কারণ মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নয়। মানুষের মেধার কারণে এই শ্রেষ্ঠত্ব। মেধার জন্যই মানুষ গর্বিত প্রাণী। তাই মেধার চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের যে অফুরন্ত প্রাণশক্তি আছে, তা কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমাদের লক্ষ্য ও স্বপ্ন খুব অস্পষ্ট।

অনুষ্ঠান শেষে সিএসই ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং মঞ্চে আমন্ত্রিত অতিথিগণ। উল্লেখ্য এই উৎসবে ক্যাপচার দ্যা ফ্ল্যাগ, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস, আইডিয়া জেনারেশন, থ্রি মিনিট থিসিস, ম্যাথ অলিম্পিয়াডসহ ষোলটি বিষয়ে দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেখলা নাথ ও ব্রাহ্মণ সম্মিলনী পরিষদের অভিষেক
পরবর্তী নিবন্ধআন নিসা একাডেমিতে হিফয শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান