বিল পরিশোধে বাড়তি ৩ মাস ও সুদ মওকুফের দাবি চেম্বার সভাপতির

শিল্পে গ্যাস-বিদ্যুতের সংকট

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

গার্মেন্টস ও সকল রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প কারখানাসমূহে সম্প্রতি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসবিদ্যুৎ বিল দিতে তিন মাস অতিরিক্ত সময় এবং ব্যাংক সুদ মওকুফসহ কয়েকটি দাবি জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে পাঠানো পৃথক দুইটি চিঠিতে এসব দাবি তুলে ধরেছেন তিনি।

চিঠিতে আমিরুল হক বলেন, অনেক দিন যাবৎ দেশে গ্যাস ও বিদ্যুতের সরবরাহজনিত সীমাহীন বিঘ্নের কারণে রপ্তানিমুখী গার্মেন্ট, টেঙটাইল, প্লাস্টিকসহ দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্প কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হয়। এমনকি গ্যাসবিদ্যুতের সরবরাহজনিত সমস্যার কারণে অনেক কারখানা বন্ধও হয়ে যায় অথবা অলিখিত লে অফ হয়ে যায়।

চিঠিতে তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের এই বিপুল সরবরাহ হ্রাস ও বিঘ্নতার কারণে দেশের প্রায় সব কারখানায় উৎপাদন ব্যহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। শিল্পের উৎপাদন ব্যহত হওয়ার কারণে তাদের রপ্তানি বা বিক্রয়ও মারাত্মকভাবে হ্রাস পায় বা ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শিল্পমালিকদের পণ্যের উৎপাদন খরচও না উঠাসহ কর্মচারীদের বেতন ভাতা, ব্যাংক সুদ ও ইউটিলিটি বিল প্রদান এবং এমনকি প্রাত্যহিক খরচাদিও বহন করা সম্ভব হয়নি এবং আগামী কয়েক মাস এর ধকল শিল্পোদোক্তাদের বহন করতে হবে।

কঙবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) গত ২১ জুলাই কারিগরি সমস্যা শুরুর পর থেকেই চট্টগ্রামে গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটে। গত বৃহস্পতিবার ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হলে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ যাবৎকালের সূর্যের সেরা ছবি মিলল, সেইসঙ্গে এল নতুন রহস্য
পরবর্তী নিবন্ধচবিতে দুই অর্থবছরের ৯৯৩ কোটি টাকার বাজেট অনুমোদন