সারা বাংলাদেশে বড় একটি জটিল সমস্যা লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। জ্বালানি সংকট, ডলার সাশ্রয় ও চাহিদার তুলনায় উৎপাদনের হার কম হওয়ায় দিন দিন এই সমস্যা বেড়েই চলেছে। ফলে জনগণের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। নবায়নযোগ্য উৎস যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে হবে বিশাল আকারে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিলে, শিক্ষার্থী ও চাকরিজীবীদের দুর্ভোগ কমবে। এছাড়াও বিভিন্ন বাসা–বাড়িতে সোলার প্যানেল স্থাপন করে মূল গ্রীডের উপর চাপ কমানো সম্ভব। এর ফলে জনগণের বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। সবার উচিত অপ্রয়োজনে বিদ্যুৎ অপচয় না করা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার দমনে কঠোর উদ্যোগ নিতে হবে। পুরনো বিদ্যুৎকেন্দ্রগুলোকে আধুনিক যন্ত্রাংশ দিয়ে সংস্কার করে তাদের দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোর সাথে বিদ্যুৎ বিনিময়ের পরিধি বাড়িয়ে একটি কার্যকর সমাধানে আসতে হবে। সর্বোপরি, জনদুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী,
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।














