বিচার শুরুর আদেশ, বাদীসহ ৮ জনের সাক্ষ্যগ্রহণ আজ

বাকলিয়ায় শিশু ধর্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় আলোচিত চার বছরের শিশু ধর্ষণের মামলায় একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চার্জশিটভুক্ত ১৩ সাক্ষীর মধ্যে বাদীসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত শুনানি শেষে আসামি মনির হোসেনের বিরুদ্ধে বিচার শুরুর এ আদেশ দেন। এর আগে গত সোমবার একই আদালত উক্ত চার বছরের শিশু ধর্ষণ মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণ করেছিলেন। ৪ জুন ঘটনার ১৩ দিন পর ৭ কার্যদিসের দিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন শাখায় মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।

চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদউল আলম চৌধুরী মারুফ আজাদীকে বলেন, আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯() ধারায় চার্জ গঠন করেছে। এর মাধ্যমে আলোচিত মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামীকাল (আজ) থেকে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামীকাল (আজ) যাতে আদালতে হাজির থাকে, সেজন্য বাদীসহ ৮ জন সাক্ষীকে ডাকা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সাক্ষীদের সাক্ষ্যও নেওয়া হবে।

গত ২১ মে বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিন বিকালে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ হয় লোকজন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ারও দাবি জানানো হয়। একপর্যায়ে শত শত মানুষ পুলিশের গাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করে। রাত ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। রাত সোয়া ১০টার দিকে বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্তকে একটি ভবন থেকে বের করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। তখন উত্তেজিত লোকজন সড়কে বিক্ষোভের পরিস্থিতি তৈরি করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।

শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আদালত সূত্র জানায়, অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পুলিশের দাখিলকৃত চার্জশিটে ১৩ জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধকোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবিতে দেশের প্রথম স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন