বিএমএ লেকে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লেকে মাছ ধরতে গিয়ে আবুল কাসেম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে লেকের সানসেট পয়েন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর ডুবুরী দল বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। নিহত আবুল কাসেমের বাড়ি ভোলা জেলায়। তিনি নগরীর শেরশাহ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।জানা গেছে, গতকাল তিনসঙ্গীকে নিয়ে মাছ শিকারে যান আবুল কাসেম। কিছুক্ষণ পর তার বড়শিতে একটি বড় মাছ আটকা পড়ে। এ সময় বড়শিটি মাছের টানে ২৫ ফুট দূরে চলে যায়। পরে তিনি বড়শি উদ্ধারের জন্য লেকের পানিতে নামেন। কিন্তু সেখানে তলিয়ে যান। এ সময় তার সঙ্গী রবিউল আলম, মনিরুল আলম ও মো. ফিরোজ ঘটনাটি বিএমএ কর্তৃপক্ষকে জানান।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে জুয়ার আসর আটক ১৪
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শোক