আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপির অভিযোগ তাদের কর্মসূচির সময় কেন আমরা কর্মসূচি দিই। বিএনপিকে আমরা কী মাঠ ছেড়ে দেব? বিএনপিকে আমরা খালি মাঠে খেলার সুযোগ দেব না। গতকাল শনিবার বিকেলে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে মোছলেম উদ্দিন আহমদ এমপির শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান খান বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদ বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে ছড়িয়ে দেয়া যায় তাই নিয়ে সবসময় আলোচনা করতেন। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গেছেন। বিশেষ অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, মোছলেম উদ্দিন আহমদ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, দেবব্রত দাশ, ডা. তিমির বরণ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, বিজন চক্রবর্তী, নাছির আহমেদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মেয়র আইয়ুব বাবুল, আবদুল খালেক, মো. সেলিম চেয়ারম্যান, রতন চক্রবর্তী, আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, এম এজাজ চৌধুরী, সৈয়দ মোরশেদ উল্লাহ, বেলাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু।














