বায়তুশ শরফের ইছালে সাওয়াব মাহফিল

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

পবিত্র মক্কায় মিসফালাহ হোটেল সা’দান আল হুদা রেস্টুরেন্ট হলরুমে গত বৃহস্পতিবার বায়তুশ শরফ দরবারের প্রতিষ্ঠাতা শাহসূফি মীর মোহাম্মদ আখতর (রাহ.), প্রধান রূপকার শাহসূফি মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এবং শাহসূফি মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের সদস্য ও আশ শরফ ওভারসিজের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান।

বক্তব্য রাখেন বায়তুশ শরফের মুখপাত্র মাসিক দ্বীন দুনিয়া সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন। মুহাম্মদ জাফর উল্লাহ তাঁর বক্তব্যে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ মীর মুহাম্মদ আখতর (রাহ), হাদিয়ে যামান শাহসূফি আবদুল জব্বার (রাহ), বাহরুল উলূম শাহসূফি কুতুব উদ্দিন (রাহ.) এর মহিমাময় জীবন, দ্বীনের তাঁদের অপরিসীম অবদান এবং বর্তমান রাহবারে বায়তুশ শরফ, ইসলামী চিন্তাবিদ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, শাহ্‌ সুফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.) ১৯৫২ সালে আন্‌জুমনে ইত্তেহাদ নামক যে অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তার আধ্যাত্মিক উত্তরাধিকারীদের যোগ্য পরিচালনায় বায়তুশ শরফ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠ মানবসেবামূলক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। রাহবারে বায়তুশ শরফ (মা.জি.) এর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন। পরিশেষে জেয়াফত উপলক্ষে আগত মেহমানদের রাতের খাবার পরিবেশন করা হয়। একইদিন বা’দ ফজর বায়তুশ শরফ দরবারে মুহিব্বীনদের সাথে নিয়ে পবিত্র মক্কার জান্নাতুল মুয়াল্লায় মীর মোহাম্মদ আখতর (রাহ.) এর কবর জেয়ারত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদার মৎস্য সম্পদ উন্নয়ন সংরক্ষণে অংশীজনদের উদ্বুদ্ধকরন সভা
পরবর্তী নিবন্ধবাবার আদর্শ ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে পাশে থাকব : মেয়র