হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ উন্নয়ন সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধ করণ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িয়াঘোনার একটি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প( ২ পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এই উদ্বুদ্ধ করণ সভার আয়োজন করেন। সভায় হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী, রেনু থেকে পোনা উৎপাদনকারী, নিবন্ধিত জেলা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, স্থানীয় সমাজ সচেতন ব্যাক্তিবর্গ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অংশীজনদের বক্তব্যে বাড়িয়াঘোনায় ডিম থেকে রেণু উৎপাদনের জন্য একটি হ্যাচারী, এই এলাকায় বিশাল খাস জায়গা অবৈধ দখল উচ্ছেদ করে মাছ চাষের জন্যে জলাশয় স্হাপন, নিবন্ধিত ডিম সংগ্রহকারী ও রেণু উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান, দ্বীপ এলাকা বাড়িয়াঘোনাকে বন্যা ও জোয়ারের কবল থেকে রক্ষার জন্য বেড়ি বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থ ডিম সংগ্রহকারীদের মধ্যে রেণু বিতরণ, নদী দূষণমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থ গ্রহণ, নদীর মৎস্য সম্পদ রক্ষার জন্য নৌ পুলিশ ও প্রশাসনের টহল জোরদার করা, ভরাট নদী থেকে ম্যানূয়েলী বালা উত্তোলন করে নদীর গভীরতা বৃদ্ধি করে ভরাট হয়ে যাওয়া নদী খননসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা প্রদান করা হয়।
সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া। খোরশেদ আলম শিমুল, জাহেদ মঞ্জু, মোহাম্মদ আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো.নাজিম উদ্দিন, আরবান আলী, মো.শাহাবুদ্দিন, লোকমান, ইউ পি সদস্য ডলি আক্তার, নাসির হায়দারি, জসিম উদ্দিন চৌধুরী, জাহেদ চৌধুরী, এস এম মোদাচ্ছের শাহ, মো.শফিউল আলম। নুরুল আলম মফিজ,প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সমপ্রসারন কর্মকর্তা মেহেরুনেচ্ছা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতি রামদাস মুন্সিরহাট এলাকায় নদী থেকে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।










