নগরীর পাঁচলাইশ এলাকায় বাসার পার্কিং থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১৬ এপ্রিল ভোর ৬টা নাগাদ পাঁচলাইশ মডেল থানাধীন পাঁচলাইশ আবাসিক এলাকার ৭৭ নম্বর বাড়ির পার্কিংয়ে অজ্ঞাতনামা চোর প্রবেশ করে একটি টয়োটা প্রিমিও কার (চট্ট মেট্রো–গ–১৩–৩৬৯১) নিজে চালিয়ে চুরি করে নিয়ে যায়। গাড়িটির দাম আনুমানিক ২৫ লাখ টাকা। ঘটনার ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করা হলে মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগকে প্রদান করা হয়।
গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ–পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদের চন্দননগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির সাথে মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লার মুরাদনগরের নেয়ামতপুরের ছামির উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার ৮নং রোডের পিয়ারলেস স্কুলের বিপরীতে তাজ ভবনের ৩য় তলায় বসবাস করেন। চুরিকৃত গাড়িসহ গ্রেফতার করা মোহাম্মদ ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা এটি সংঘবদ্ধ চক্রের কাজ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।













