বান্দরবানে কঠিন চীবর দানোৎসব

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

বান্দরবান শহরের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে নানা আয়োজনে বিহার প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। এদিন বিহার কমিটির ব্যানারে পাহাড়ি বৌদ্ধ ধর্মালম্বীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডচরণ অনুষ্ঠিত হয়। এরপরই পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা, অষ্ট পরিষ্কারদান ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিহারের অধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের, বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরী, রাজকুমার চহ্লাপ্রু জিমি, রাজকুমার মংওয়ে প্রু সহ বিভিন্ন বিহারের উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উদযাপনের পরদিন থেকেই মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন বিহারে এই কঠিন চীবরদান অনুষ্ঠান উদযাপন করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধছিনতাই হওয়া মোটর সাইকেলটি চকরিয়ায় উদ্ধার
পরবর্তী নিবন্ধপদুয়ায় লাখ টাকার কাঠ জব্দ