বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শিক্ষায় জিডিপি’র ৫% বরাদ্দের দাবি

বাকবিশিস’র সভা

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় বাজেটে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক জিডিপি’র ৫% শিক্ষায় বরাদ্দ প্রদানের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গত ৮ মে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় ৬৭ হাজার শিক্ষককর্মচারীদের ন্যায্য পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা দীর্ঘসূত্রতা পরিহার করে প্রাপ্য পরিশোধের মাধ্যমে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে এবং কোনো সুযোগ সন্ধানীর দাবির মুখে এ প্রক্রিয়া থেকে যেনো সরকার সরে না আসে সে দাবিও করা হয়েছে সভা থেকে। শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন ও শোক প্রস্তাবের অনুকূলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সামগ্রিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য দেন, অধ্যাপক ড. খোরশেদ আলম বাবুল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক মোনাব্বর হোসেন, অধ্যাপক শাহিনা পারভিন, অধ্যাপক ওসমান গণি সুমন, অধ্যাপক নুরউদ্দিন, অধ্যাপক গোপাল চন্দ্র সাহা, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিএনএ হ্যাক ফর হেলথ চট্টগ্রামে চ্যাম্পিয়ন হেমো হ্যাকার্স
পরবর্তী নিবন্ধচিটাগাং আইডিয়্যাল হাই স্কুলে অভিভাবক সমাবেশ