দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রস্তুতি ওসাকায় বৃষ্টির মধ্যেই সেরেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের তিনবারের ব্রোঞ্জজয়ীদের বিপক্ষে লক্ষ্য ও পরিকল্পনা জানাতে গিয়ে ডিফেন্ডার শিউলি আজিম বললেন, গোল কম খাওয়াই মূল লক্ষ্য তাদের। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০–০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে দল। মিয়ানমারকে ৫–০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচের বড় হারে বাংলাদেশের মূল লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়েছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল যাবে কোয়ার্টার–ফাইনালে। বাংলাদেশের মূল লক্ষ্য এই সমীকরণ মেলানো। তাই গোল ব্যবধান যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা ভালো করেন জানেন শিউলি। ‘সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আগের ম্যাচে আমাদের যে ভুল–ত্রুটিগুলো হয়েছিল, আমরা চেষ্টা করব সেটা পরের ম্যাচে না করার।
আমরা দুই অঙ্কের গোল খেয়েছি, আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অনেক ভালো দল। আমাদের চেষ্টা থাকবে গোল কম খাওয়ার কিংবা একদম গোল না খাওয়ার। আসলে দুই দলই সমান, একটু হয়তো ফারাক আছে। তাদের যে গতি, তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলা আমাদের জন্য কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি।’ সহকারী কোচ আবুল হোসেন জানান মিয়ানমারের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি ঘিরেই তাদের মূল পরিকল্পনা। তবে, তিনি আশাবাদী উত্তর কোরিয়া ম্যাচের মতো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলবে না দল।












