গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় সারাদেশব্যাপী বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতেও অনুষ্ঠিত হয়েছে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (২৭ এপ্রিল) বাঁশখালী বাণিগ্রাম স্কুলের ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের বাছুর নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারি ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্টদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোহাম্মদ আলগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডা. সাজেদুল ইসলাম, ডা. সুপেন নন্দী এবং ডাঃ নিবেদিতা মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মতিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ নিবেদিতা মল্লিক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মেরিনা ঘোষ, ডা. শাকিল এবং মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী সেরা ২০ জন খামারিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কৃত্রিম প্রজনন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের মাধ্যমে দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।














