বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬,০০০ টাকা করে মোট ১২ লক্ষ টাকা শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়ার নির্দেশনায় এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার অনুরোধে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার উপজেলা মিলনায়তনে শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মেহেদীর সভাপতিত্বে এই অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার কিবরিয়া আজম এবং কারিতাসের প্রোগ্রাম সমন্বয়কারী ড্যানিয়েল। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, এস.এম শহীদ, শহীদুল হক চৌধুরী, মো. ইসমাইল, মোশাররফ হোসেন, আব্দুস সবুর, আদিল চৌধুরী, আবু বক্কর, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মৌলানা সোহেল ইকবাল, মো. আলাউদ্দিন, মোরশেদ হাসান, মোহাম্মদ হুমায়ুন, জিশান প্রমুখ। বক্তারা বলেন, সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারিতাস বাংলাদেশের এই মানবিক সহায়তা শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। আগামীতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।













