চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বন্যার্ত মানুষের সহায়তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো.শওকত আলীর নিকট বিজিএমইএ’র পক্ষ থেকে ২০০ বস্তা ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সহ–সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও প্রাক্তন প্রথম সহ–সভাপতি এস. এম. আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং বিজিএমইএ’র বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম ও আরশাদ–উর–রহমান। এসময় সিএমপি ও বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ গ্রহণকালে কমিশনার হাসান মো. শওকত আলী বিজিএমইএ’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ত্রাণ সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া হবে।
বিজিএমইএ’র নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিএমইএ’র নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, বিজিএমইএ’র এ মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, আজ বুধবার বিজিএমইএ’র উদ্যোগে বাঁশখালী, সাতকানিয়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।











