চট্টগ্রাম বন্দরকে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর রক্ষা কমিটির ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম। গতকাল শুক্রবার স্কপ চট্টগ্রামের কার্যালয়ে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুলের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটিসহ সকল স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বিএফটিইউসি’র যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, শ ম জামাল উদ্দিন, আব্দুল বাতেন, সোহাগ হোসেন, নুরুল আবসার তৌহিদ, হেলাল উদ্দিন কবির, আবু আহমেদ মিয়া এবং ফজলুল কবির মিন্টু।
সভায় এনসিটি, সিসিটিসহ চট্টগ্রাম বন্দরের সকল প্রকার স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগের বিরোধিতায় বিভিন্ন সংগঠনের ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী ৫ অক্টোবর বন্দর রক্ষা কমিটির উদ্যোগে চট্টগ্রাম বন্দরের প্রধান গেটে অনুষ্ঠেয় অবস্থান কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। সভা থেকে স্কপভুক্ত সকল সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বিদেশি বা বেসরকারি অপারেটরের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, শ্রমিক–কর্মচারীদের স্বার্থ এবং বন্দরের সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।













