ফয়সালা হবে রাজপথে : ফখরুল

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি একটাইহাসিনার পদত্যাগ। ফয়সালা হবে রাজপথে। সেই বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে, যেই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। খবর বাংলানিউজের।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট ডাকাত সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াতে চেয়ে পারেনি, সারের দাম কয়েক দফায় কয়েকগুণ বাড়িয়েছে, আজ মানুষ পেঁয়াজ কিনতে পারছে না, ডিম কিনতে পারছে না। দ্রব্যের দাম বাড়িয়ে আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের দলের প্রায় ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক এমপিসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে। ক্রস ফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অসংখ্য শিশু বাবার জন্য, অসংখ্য স্ত্রী তার স্বামীর জন্য, অনেক মা তার সন্তানের আগমনের প্রতীক্ষা করছে। শেখ হাসিনা সরকার আমাদের এমন দেশ উপহার দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। সে উন্নয়ন কোথায়? উন্নয়ন তাদের ঘরে। যাদের সাইকেল ছিল না সেই নেতা এখন গাড়ি চালায়। ভূমিহীন নেতা এখন অসংখ্য আলিসান বাড়িগাড়ির মালিক। এসব তাদের উন্নয়ন। দেশকে ধ্বংস করে নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। এ জন্য শেখ হাসিনা সরকারকে আগে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার গঠন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন আইন করেছে, নির্বাচন কমিশন কোনো নির্বাচন বাতিল করতে পারবে না। এমন বানানো নির্বাচন কমিশন আমরা চাই না।

যারা আমাদের ভোটাধিকার, গণতন্ত্র কেড়ে নিয়েছে। তাদের আর ক্ষমতায় থাকার সময় নেই। তাদের বিতারিত করার সময় এসেছে। কোনটে বাহে জাগো সবাই। দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত নগরীর ৪৩ ভূমি মালিক পেলেন ক্ষতিপূরণ
পরবর্তী নিবন্ধঝড় আসছে বললেন, সংকেতটাও বলে দিন