নগরীর বহদ্দারহাট বারৈপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন প্রকল্প ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস–ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত ৪৩ জনের মাঝে ১৭ কোটি টাকার এলএ চেক বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, কতিপয় দালাল ও অসাধু ব্যক্তির অপপ্রচারে প্ররোচিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরাসরি চেক গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়। মধ্যস্বত্বভোগীদের কোনো স্থান জেলা প্রশাসনে নেই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরাসরি এলএ শাখায় আবেদন করলে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে পারবেন। যে কোনো সমস্যার বিষয়ে সরাসরি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) বা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ ও এলএ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা। জেলা প্রশাসন সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুবিধার্থে প্রত্যাশী সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুরোধে অধিগ্রহণকৃত ভূমি দ্রততম সময়ে দখল হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হয়।














