ফ্লাইওভার থেকে পাথর খসে পড়ল প্রাইভেট কারে

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে খসে পড়া পাথরে বিধ্বস্ত হয়েছে একটি প্রাইভেট কার। চালক এবং যাত্রী ভাগ্যক্রমে রক্ষা পেলেও গাড়ির উইন্ডশিট পুরোই ভেঙে গেছে। গতরাত ১০টা নাগাদ নগরীর ব্যস্ততম এলাকা জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলের কাছে ঘটে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নগরীর আগ্রাবাদস্থ ভিসা এপ্লিকেশন সেন্টার ভিএফএস এর চট্টগ্রামস্থ ম্যানেজার হামিদ উদ্দীন চৌধুরী রাসেল নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে খুলশীস্থ বাসা থেকে দামপাড়ার দিকে যাচ্ছিলেন। রাত ১০টা নাগাদ তিনি জিইসি মোড় পার হয়ে পেনিনসুলা হোটেলের সামান্য আগে পৌঁছালে গাড়ির উপর বিকট শব্দে একটি পাথর পড়ে। এতে গাড়ির (চট্টমেট্রো গ১১০১৪৪) সামনের কাঁচ পুরোটা গুড়িয়ে যায়। দ্রুত তিনি গাড়ি থেকে নেমে যান এবং খেয়াল করে দেখেন যে উপরে ফ্লাইওভারের ইলেক্ট্রিক পোলের জন্য লাগানো পাথরখন্ড ছুটে এসে গাড়িতে পড়েছে। ফ্লাইওভারের উক্ত স্থানটিতে পড়ার মতো আরো পাথর রয়েছে।

হামিদ উদ্দীন চৌধুরী রাসেল তৎক্ষণাৎ ৯৯৯ নম্বরে ফোন করলে চকবাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিষয়টি পরীক্ষা করে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ফ্লাইওভারটি নির্মাণ করে।

পূর্ববর্তী নিবন্ধনালার ময়লা পানিতে জিইসি মোড় থৈ থৈ
পরবর্তী নিবন্ধসেগুন বাগানে তরুণ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭