ফৌজদারহাটে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব৭। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে র‌্যাব মাদকসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার বাসিন্দা মো. জনি (২১)

র‌্যাব৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্‌ফর হোসেন (গণমাধ্যম) জানান, কুমিল্লা থেকে যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য চট্টগ্রাম মহানগরীর দিকে আনার গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল।

এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রীবেশে থাকা মো. হাসান ও মো. জনি নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। তাদেরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধলোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে