ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদিন () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা বায়তুশ শরফ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই এলাকার জয়নাল আবেদিনের পুত্র।

স্থানীয়রা জানান, শিশুরা পুকুরের পাশে ফুটবল নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় কয়েকজন শিশু ফুটবলটি আনার জন্য পুকুরে ঝাঁপ দেয়। ফুটবল নিয়ে অন্য শিশুরা পুকুর থেকে উঠে গেলে শিশু আরিয়ান উঠেনি। এরপর শিশু আরিয়ানকে পুকুরে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই রাতে নামাজে জানাজা শেষে নিহত শিশুর মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছয় আঙুলে মিলল পরিচয়, ২৫ বছর পর মায়ের কাছে ফরিদ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব