নগরের গোলপাহাড় মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক বিভাগের এক সদস্যকে ফুটপাতে রাখা গাড়ি জব্দ করে মামলা করার নির্দেশনা দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে মেয়র চকবাজার গোলজার মোড় ও কেয়ারি ইলিশিয়াম মার্কেট থেকে সিরাজউদৌলা রোড এলাকায় উপস্থিত থেকে ফুটপাত দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেন। অপসারণ করেন অবৈধ সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন।
পরে মেয়র জিইসি মোড়ে যান। সেখানে চসিকের নির্মিত ফুট ওভারব্রিজ এবং জিইসি মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী স্থাপনা উচ্ছেদ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ট্রাফিক পুলিশকে যা বললেন : গোলপাহাড় মোড়ে কয়েকটি দোকানের সামনের ফুটপাতে মোটরসাইকেল এবং সড়কে প্রাইভেটকার পার্কিং করা দেখে রেগে যান মেয়র। এ সময় পার্কিং করে রাখা কারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারকে নির্দেশ দেন মেয়র। এ সময় একটি দোকানের ম্যানেজারকে ডেকে মেয়র বলেন, আপনার দোকানের সামনে পার্কিং কেন? লোকজন হাঁটতে পারে না। আপনারা তাদের দাঁড়াতে দেবেন না। প্রতিবাদ করবেন। এখন থেকে যার দোকানের সামনে থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওই দোকান থেকে বের হয়ে মেয়র সেখানে উপস্থিত এক ট্রাফিক সদস্যকে বলেন, ফুটপাতে গাড়ি রাখলে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ সময় ফুটপাত ও রাস্তায় কেউ যাতে গাড়ি রাখতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার জানান, জিইসি, গোলপাহাড় মোড়, শিল্পকলা একাডেমি থেকে দামপাড়া পর্যন্ত ফুটপাতে রাখা মোটরসাইকেল, প্রাইভেটকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।









